আন্তর্জাতিক ভাষাবিষয়ক অলিম্পিয়াডে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে পঞ্চগড়ের বোদা পৌরসভার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী। তাদের এ অর্জনে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ ইমাম হোসেন, গভর্নিং বডির সভাপতি ও সদস্য, শিক্ষক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনাপ্রাপ্ত ছয় শিক্ষার্থীর মধ্যে বাংলা হাতের লেখা প্রতিযোগিতার ‘কিড ১-২’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে শাদমান আফিফ ইহান। একই গ্রুপে সায়মা জান্নাত অর্জন করেছে দ্বিতীয় রানার-আপ হওয়ার কৃতিত্ব। বাংলা হাতের লেখা ‘৩-৪’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হুমায়রা জান্নাত ফাতেহা।
এ ছাড়া ইংরেজি হাতের লেখা প্রতিযোগিতার ‘১-২’ গ্রুপে প্রথম রানার-আপ হয়েছে রামিশা তাবাসসুম রাইদা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে সাদমান আকিব ইহান। বাংলা স্পেলিং বি বা বানান অলিম্পিয়াডের ‘কিড ৩-৪’ গ্রুপে প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে সমৃদ্ধ রায়।
জানা গেছে, ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘Bakeman’s 4th International Language League 2026’-এর গ্র্যান্ড ন্যাশনাল ফাইনালে বিভিন্ন বিভাগে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে শিক্ষার্থীরা। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরদিন ১০ অক্টোবর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে বিজয়ীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।
শিক্ষার্থীদের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের এই অর্জন মফস্বলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমরা শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, সহশিক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ক্ষেত্রেও এগিয়ে নিতে কাজ করছি। আজকের এই সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে। আমি বিজয়ী শিক্ষার্থী, তাঁদের শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।”
উল্লেখ্য, ‘Bakeman’s International Language League’ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত একটি ভাষাবিষয়ক প্রতিযোগিতা। এতে হাতের লেখা, বানান ও স্পেলিং বি-সহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। এবারের আয়োজনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ছয় শিক্ষার্থীর এ সাফল্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করবে।