
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬ - ১৮:৫
• পঠিত: ৫ বার

বগুড়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর লাইসেন্স ছাড়া বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদনের অপরাধে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড় ও জলেশ্বরীতলা এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইয়াকুবিয়া মোড়, জলেশ্বরীতলা এলাকার ‘বেক হাউজ লাইভ বেকারি’ প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদনের দায়ে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার ‘ফিউশন হাব লাইভ বেকারি’ প্রতিষ্ঠানটিকে একই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।
বিএসটিআইয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
