
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬ - ১৮:০
• পঠিত: ৫ বার

বগুড়ার সারিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি তৈরি, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য বাজারজাত এবং খাবারে নিষিদ্ধ উপকরণ ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার বড় কুতুবপুর ও উপজেলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বড় কুতুবপুর এলাকার ‘রুপা ব্রেড অ্যান্ড বিস্কুট’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি করতে দেখা যায়। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা সত্ত্বেও লোগো ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি উঠে আসে।
অন্যদিকে, উপজেলা রোড এলাকার ‘গোল্ডেন ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে’ খাবারে ব্যবহার নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং নিষিদ্ধ ঘোষিত এনার্জি ড্রিংক ‘রেড বুল’ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রুপা ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে ৩০ হাজার টাকা এবং গোল্ডেন ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট ৩৫ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
