বগুড়ার শেরপুরে পাঁচ বছরের এক শিশুর লিঙ্গে ‘ভুয়া অপারেশন’ করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সুনিল বিশ্বাস (৫০) নামের এক ফার্মেসি মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. জিয়াউর রহমান শনিবার (২৯ আগস্ট) শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২৪ আগস্ট দুপুরে শিশুটিকে সান্ন্যালপাড়া হাটখোলা রোডের সীমান্ত ফার্মেসিতে নেওয়া হলে সুনিল বিশ্বাস অপারেশনের জন্য ১১ হাজার টাকা নেন। পরে শিশুটিকে ইনজেকশন দিয়ে অচেতন করে সেখানে অস্ত্রোপচার করা হয়। এরপর শিশুর লিঙ্গ টেপ দিয়ে আটকে দেওয়া হয়।
বাড়িতে নেওয়ার পর শিশুটির প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং লিঙ্গ দিয়ে রক্তপাত শুরু হয়। রাতে আবার ওই চেম্বারে নেওয়া হলে রক্তপাত বেড়ে যায়। পরে শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি চিকিৎসক নন এবং তাঁর বৈধ নিবন্ধনও নেই।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।