রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শ নিতে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাওয়ার জন্য শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে রিকশাযোগে হাসপাতালের দিকে রওনা হন তিনি।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা পেছন থেকে তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।