
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬ - ১৮:১৮
• পঠিত: ৬ বার

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সুখানপুকুর এলাকার ‘খোকা দই-মিষ্টি ঘর’-এর কারখানায় বিভিন্ন অনিয়মের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। কারখানার দই-মিষ্টি সংরক্ষণের স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের থাকার বিছানা ও মশারি টানানো অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া জিলাপি তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং ব্যবহারের জন্য ১৫ কেজি হাইড্রোজ মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি দই-মিষ্টি উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের বিষয়টিও শনাক্ত করা হয়।
এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াজউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা ১৫ কেজি হাইড্রোজ ও ৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ ছাড়া একই অভিযানে একটি হোটেলকে ২ হাজার টাকা এবং একটি হার্ডওয়্যারের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা।
অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।





