পঞ্চগড়ের ভজনপুর (নিজবাড়ী)-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিলোমিটারে নির্মাণ হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত দ্বিতীয় করতোয়া সেতু। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৫ম সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে নেওয়া প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে অক্টোবর ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত। পরিকল্পনা বিভাগের ৫ অক্টোবরের একনেক সভার নোটিশেও প্রকল্পটির নাম ও বাস্তবায়নকাল উল্লেখ করা হয়।
সেতুটি নির্মাণ হলে ভজনপুর, আটোরখাড়ি, ময়নাগুড়ি, আমতলী, মিরগড়সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
একনেকের ৫ম সভায় নতুন ও সংশোধিত মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পঞ্চগড়ের দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্পটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে অনুমোদন পেয়েছে।
দীর্ঘদিন ধরে করতোয়া নদীর ওপর আরও একটি সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। একনেকে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে তাদের সেই প্রত্যাশা এবার বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোতাহার আলী বলেন, ২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই কমবে এবং সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে