দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল এলাকায় পুকুরে পড়ে মুসরাত জাহান মিতু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে পুকুরে পড়ে যাওয়ার পর দীর্ঘ পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির শেষে রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মুসরাত জাহান মিতু ছোট বাউল এলাকার বাসিন্দা মোখলেসুর রহমানের মেয়ে। তার মায়ের নাম জরিনা আক্তার। পারিবারিক সূত্রে জানা গেছে, মিতু জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে মিতু পুকুরে পড়ে যায়।
এরপর তাকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। দীর্ঘ সময় অনুসন্ধানের পর রাত আনুমানিক ৮টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাত্র ১৬ বছর বয়সে মিতুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পরিবার ও স্বজনেরা। তার মৃত্যুতে স্থানীয় এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।
চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।