
শেরপুর বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ - ১৬:৩১
• পঠিত: ৬ বার

বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আবদুল খালেক ওরফে খোকন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আবদুল খালেকের পৈতৃক বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুরইন ইউনিয়নের কামুল্যা গ্রামে। বর্তমানে তিনি শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ায় বসবাস করেন। কোনো সংগঠনে তাঁর নির্দিষ্ট পদ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানাগেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে স্থানীয় বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে ককটেল বা বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় ১০ মাস পর ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মামলাটির তদন্ত চলাকালে ঘটনার সঙ্গে আবদুল খালেকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
