বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা এসে পৌঁছেছে। প্রথম দফায় জেলার ১৩ উপজেলার শিক্ষার্থীদের জন্য মোট ১২ হাজার ৫২৮টি শিক্ষা উপকরণ পাঠানো হয়েছে।
বুধবার প্রথম চালানে ৫ হাজার ৫৫৫টি স্কুলব্যাগ, ৫ হাজার ১৬৫ জন শিক্ষার্থীর জন্য ইউনিফর্ম এবং ১ হাজার ৮০৮ জন শিক্ষার্থীর জন্য জুতা বগুড়ায় পৌঁছায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এসব সামগ্রী একজন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে বগুড়ায় আনা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার মতো বগুড়াতেও এসব সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
সামগ্রীগুলো নিরাপদে সংরক্ষণের জন্য বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ইতোমধ্যে দুটি নির্দিষ্ট কক্ষ প্রস্তুত করা হয়েছে। বর্তমানে সেখানে এসব সামগ্রী নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
বগুড়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো সামগ্রীগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর পূর্বনির্ধারিত বিদ্যালয়গুলোতে এসব উপহারসামগ্রী বিতরণ করা হবে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।