বগুড়ার শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ফুল ও বাহারি গাছ রোপণ কর্মসূচি পালন করেছে YRC শেরপুর।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে YRC শেরপুরের অ্যাডমিন মুজাহিদ, মডারেটর আবু জাফর, ফারহান শাহরিয়ার, ফারহান, আইয়ুব, গোলাপ, সাব্বির, নূর মোহাম্মদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ফুটওভার ব্রিজের বিভিন্ন স্থানে টবে ফুল ও বাহারি গাছ রোপণ করা হয়। এর মাধ্যমে ব্রিজটির পরিবেশ আরও সুন্দর ও মনোরম করার পাশাপাশি পথচারীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
YRC শেরপুরের অ্যাডমিন মুজাহিদ বলেন, “ফুটওভার ব্রিজটি প্রতিদিন অসংখ্য মানুষ ব্যবহার করেন।
ব্রিজটির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরি করতেই আমাদের এই উদ্যোগ। ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব।”
YRC শেরপুরের মডারেটর আবু জাফর জানান, “ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশবান্ধব একটি পরিবেশ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই, আমাদের এই উদ্যোগ দেখে অন্যরাও জনসাধারণের ব্যবহার করা স্থানগুলোকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসুক।”
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে ভবিষ্যতেও YRC শেরপুরের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।