হোম/সংবাদ

আয়েশা বিক্রিসকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ সালিসি বৈঠকে মীমাংসা

শাহ মো মুশফিকুর রহমান

শাহ মো মুশফিকুর রহমান

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ - ১৫:৭

• পঠিত: 2 বার

আয়েশা বিক্রিসকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ সালিসি বৈঠকে মীমাংসা



গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের একবারপুর এলাকার মেসার্স আয়েশা বিক্রিসকে কেন্দ্র করে অ.ন.ম. আশিকুর জামান রিমেল ও মো. সবজি মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান জটিল বিরোধ অবশেষে সালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসা হয়েছে।

মঙ্গলবার (১৮আগস্ট) স্থানীয়ভাবে আয়োজিত এক সালিসি বৈঠকে উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ শুনে বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। বৈঠকে গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা উপস্থিত থেকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সালিসি বৈঠকে দীর্ঘদিনের বিরোধের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টি মীমাংসা করা হয়। বৈঠক শেষে উভয় পক্ষই সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।

অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা বলেন, স্থানীয় পর্যায়ে কোনো বিরোধ সৃষ্টি হলে তা যেন বড় আকার ধারণ না করে, সেজন্য পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সালিসি বৈঠক শেষে অ.ন.ম. আশিকুর জামান রিমেল ও মো. সবজি মাস্টার উভয়েই মীমাংসার সিদ্ধান্তে রাজি ও খুশি বলে জানান। দীর্ঘদিনের জটিলতার অবসান হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।