হোম/সংবাদ

সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬ - ১৪:৫২

• পঠিত: 4 বার

সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত



সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী একটি পিকআপে করে নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পথে পাটধারী এলাকায় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন। আহত দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে আসতে বিলম্ব করেছে—এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন নিহত সাদ্দামের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর তারা পুলিশকে খবর দিলেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। এ কারণে তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হন।

তবে স্থানীয়দের এ অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, পুলিশ সময়মতোই ঘটনাস্থলে পৌঁছে আটক ট্রাকটি হেফাজতে নেয়। পরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৬টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।