হোম/সংবাদ

বগুড়ার সড়কে এবার গোলাপি বাস, শুধু নারীদের জন্য বিশেষ সার্ভিস

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬ - ২২:৬

• পঠিত: 8 বার

বগুড়ার সড়কে এবার গোলাপি বাস, শুধু নারীদের জন্য বিশেষ সার্ভিস



নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের এই বাসে চালক ও কন্ডাক্টার হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস চলাচল করবে। বাস দুটির গায়ে লেখা থাকবে ‘মহিলা বাস সার্ভিস’।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি।

বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাসসহ আরও চারটি বাস এই সেবায় যুক্ত হবে।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। একই সময়ে বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাস চলাচলের উদ্বোধন করা হবে।

বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠান হবে বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে। বিআরটিসির কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁইয়া জানান, বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টার হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।

বিআরটিসি সূত্র জানায়, দেশে নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ প্রথম নেওয়া হয় ১৯৯৮ সালে পরীক্ষামূলকভাবে। পরে ২০০১ সালে ঢাকা ও আশপাশের এলাকায় এ সেবা সম্প্রসারণ করা হয়। বিভিন্ন সময়ে সেবাটি বন্ধ ও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও ২০২২ সালের অক্টোবরে নারীদের জন্য বিশেষ এই পরিবহনসেবা বন্ধ হয়ে যায়।

নতুন করে চালু হওয়া এই সেবা বগুড়ার কর্মজীবী, শিক্ষার্থীসহ নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।