হোম/সংবাদ

সরকারি খাস জমি দখলের অভিযোগ প্রমাণিত চেয়ারম্যান গ্রেনেট বাবুকে কারণ দর্শানোর নোটিশ

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬ - ১১:৩০

• পঠিত: 13 বার

সরকারি খাস জমি দখলের অভিযোগ প্রমাণিত  চেয়ারম্যান গ্রেনেট বাবুকে কারণ দর্শানোর নোটিশ



সরকারি খাস জমি অবৈধভাবে দখল, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিস্বার্থে ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে কেন সাময়িক বরখাস্ত করা হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত গত ৪ আগস্টের নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) এর বিরুদ্ধে সরকারি খাস জমি অবৈধভাবে দখল, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিস্বার্থে ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও ৩৪(৪) ধারায় কেন তাকে সাময়িক বরখাস্ত করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, নীলফামারীর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব পাঠাতে হবে।

জানা গেছে, চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে সরকারি জমি দখলসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে নীলফামারী জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্টদের বক্তব্য ও বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রতিবেদন দাখিল করে। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর সাথে যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।