পা ব্যথার কারণে ঢাকার আদালতে হাজির হতে পারেননি অভিনেত্রী পরীমনি। তার অনুপস্থিতিতে মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে সময়ের আবেদন করলে তা বিবেচনায় নিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবীর আবেদনে বলা হয়, কিছুদিন আগে পায়ে আঘাত পেয়েছিলেন পরীমনি। সম্প্রতি ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।তবে এ আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, মামলাটি দীর্ঘদিন ধরে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে এবং পরীমনি বিভিন্ন সময়ে আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করে আসছেন। এ কারণে তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন করেন তিনি।