
ধুনট বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ - ২০:৭
• পঠিত: ৬ বার

বগুড়ার ধুনট উপজেলায় জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার দেয়ালে এ স্লোগান দেখতে পান স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটক, উপজেলা পরিষদের প্রধান ফটক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর স্লোগান লেখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৩ নভেম্বর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটানো হয়েছে।
গ্রাফিতি আঁকার কাজে মুখ্য ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা এস এম জাকির হোসেন অভিযোগ করে বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। তাঁর দাবি, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাজের সঙ্গে জড়িত। তিনি দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকা হয়েছিল। এসব গ্রাফিতিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পাশাপাশি দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, গ্রাফিতির ওপর স্লোগান না লিখে অন্য কোথাও লেখা যেত। এভাবে গ্রাফিতির ওপর লেখার মাধ্যমে মানুষের চেতনায় আঘাত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থী বোরহান উদ্দিনও।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ অভিযোগ করেন, রাতের আঁধারে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছে। তিনি এটিকে নাশকতা সৃষ্টির চেষ্টা বলে দাবি করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও স্লোগান লেখা দেয়ালগুলো পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





