
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ - ১৮:৫৯
• পঠিত: ৫ বার

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে এবং চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বগুড়া সদরের কালিতলা কটনমিল হরিজন কলোনির কিরণ হরিজন (৩০), গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকার মো. রিমন ইসলাম (২১) এবং বগুড়া সদরের বাদুরতলা এলাকার মো. শামীম শেখ (৩০)।
ডিএনসি বগুড়ার 'ক' সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত কিরণ হরিজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, রিমন ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং শামীম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা ২৫ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।





