কুড়িগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬ - ১:৩২
• পঠিত: 4 বার

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র্যালি ও পরে স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
আয়োজিত আলোচনা সভায় মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় মাছ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুড়িগ্রামে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের প্রাচুর্য থাকায় মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।
বক্তারা আরও বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদনে মৎস্যচাষিদের আরও সচেতন হতে হবে। জলাশয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করা হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের অনান্য কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।






