
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ - ১৮:২৭
• পঠিত: ৫ বার

বগুড়ার কাহালুতে পণ্যের গুণগত মানসনদ না থাকা এবং মিথ্যা তথ্য দিয়ে ব্রেড, বিস্কুট ও কেক বিক্রয়-বিতরণের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাহালু উপজেলার কর্ণিপাড়া, কালাই এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স মডার্ণ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুণগত মানসনদ না থাকা এবং মিথ্যা তথ্য প্রদান করে এসব পণ্য বিক্রয়-বিতরণের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।
বিএসটিআই ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে মানহীন ও অননুমোদিত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
