নীলফামারীর কিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ নিয়েছে হাজারো শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথে শিক্ষার্থীরা মাদক গ্রহণ না করা, অন্য কাউকে মাদক গ্রহণ করতে না দেওয়া এবং মাদক কারবারের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অঙ্গীকার করে। এ সময় হাজারো শিক্ষার্থীর কণ্ঠে মাদকবিরোধী শপথ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারীর আয়োজনে মাদকবিরোধী শপথ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারীর প্রসিকিউটর অর্পণ কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।