নীলফামারীর কিশোরগঞ্জে গরুর গুঁতায় আরেফা বেগম (৩৫) নামে এক কিন্ডারগার্টেন শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরেফা বেগম ওই গ্রামের এজানুর রহমানের স্ত্রী। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জানান, আরেফা বেগমের স্বামী একটি কোম্পানিতে চাকরি করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে তিনি গরুর ঘর পরিষ্কার ও গরুকে খাবার দিতে যান।
এ সময় একটি গরু তাকে গুঁতা দিয়ে ফেলে দেয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ‘এ ধরনের কোনো খবর এখনো পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’