
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ - ১৮:২০
• পঠিত: ৫ বার

বগুড়ার শিবগঞ্জে আন্ডারওয়্যারে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় জামাল (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল খুলনা জেলার সোনাডাঙ্গা থানার হাফিজ নগর এলাকার মৃত নূরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থানরত জামালকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার পরিহিত আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি খাকি খাম পাওয়া যায়। খামটির ভেতরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো নীল রঙের একাধিক জিপার ব্যাগ ছিল। পরে সেগুলো থেকে ৪ হাজার ৯৪০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪৯৪ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল নিজেকে কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বগুড়া ডিএনসির উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
