
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ - ১৭:৩০
• পঠিত: ৮ বার

বগুড়া শহরের ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য উৎপাদন, মান যাচাই সনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এছাড়া গুণগত মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার, বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ, খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং অপরিষ্কার কাঠের টেবিলে খাদ্যপণ্য তৈরির প্রক্রিয়া চলছিল।
অভিযানকালে প্রস্তুত করা পাউরুটি ময়লা মেঝেতে ফেলে রাখতেও দেখা যায়।
এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের অপরাধে নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
এসময় প্রতিষ্ঠানটির মালিককে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
