দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং জনসচেতনতা সৃষ্টি করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
উদ্বোধন শেষে বাসস্ট্যান্ডের ফলপট্টি থেকে ধুনট মোড় পর্যন্ত মহাসড়ক এবং পৌরসভার বারোদুয়ারী হাট ও বিকালবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সমাজসেবা অফিসার নাইম হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
পরিচ্ছন্নতা অভিযানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি স্কাউট, বিএনসিসি সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা সড়ক ও আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন।
উপজেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গেছে, পরিচ্ছন্ন শেরপুর গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
কর্মকর্তারা বলেন, জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।