ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তেরনই নদীর পানিতে ডুবে একই এলাকার দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো—এহেসান (৫) ও কাউসার (৫)। তারা দুজনই জগদল বস্তি গ্রামের বাসিন্দা এবং একই বয়সী।
পারিবারিক সূত্রে জানা গেছে, এহেসান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত সুলতানের নাতি এবং জাহিদ হাসান জাহানুরের ছেলে। অপরদিকে কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত এক ব্যক্তির ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের কোনো একসময় দুই শিশু বাড়ির আশপাশে খেলাধুলা করতে বের হয়। একপর্যায়ে তারা তেরনই নদীর পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের নদীতে দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামেন।
কিছুক্ষণ পর দুই শিশুকে নদী থেকে উদ্ধার করা হলেও তাদের আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শিশু দুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
একই দিনে একই গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে জগদল বস্তি গ্রামের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।