শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক আইডিয়াল একাডেমিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
কিচক আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালক আলহাজ্ব জিন্দা হাসান রিটন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,মোস্তাফিজার রহমান রাজা। সমাবেশটি সঞ্চালনা করেন সরকারি শিক্ষক আব্দুল হালিম।
সমাবেশে বিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা, পরীক্ষার প্রস্তুতি ও ফলাফল উন্নয়নসহ শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আরও উন্নত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশ শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।