
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ - ২০:৩০
• পঠিত: ৬ বার

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, শুধু ভোট দিলেই মানুষের সব অধিকার নিশ্চিত হয় না। গণতন্ত্রে নিজেদের ভুল-ত্রুটি ও ব্যর্থতার আত্মসমালোচনাও জরুরি।
আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবার এবং কন্যাদানে এককালীন আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘ভোট দিলেই কি সবকিছু পাওয়া যায়? দীর্ঘ ৫৫ বছরে নানা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। কিন্তু সাধারণ মানুষ ও শ্রমিকের প্রকৃত অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের সফলতার কথা যেমন শুনতে ভালো লাগে, তেমনি নিজেদের ভুলভ্রান্তি ও ব্যর্থতার আত্মসমালোচনা করার মানসিকতাও থাকতে হবে।’
বিশ্বরাজনীতি ও গণতন্ত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে মানুষের অনেক সুযোগ-সুবিধা থাকলেও বিশ্বজুড়ে দেশটির প্রতি ক্ষোভ রয়েছে। অন্যদিকে চীনে পশ্চিমা দেশগুলোর মতো ভোটিং ব্যবস্থা না থাকলেও দেশপ্রেমকে কাজে লাগিয়ে তারা অর্থনৈতিক ও সামরিক শক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। কিন্তু আমরা যদি স্থানীয় পর্যায়ে অনিয়ম ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ি, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। ভালো কাজকে সঙ্গে নিয়ে খারাপকে বর্জন করতে হবে।’
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে শেষ পর্যন্ত পালিয়ে গেছে। পালিয়ে থেকে লজ্জাজনক জীবনযাপনের চেয়ে দেশে ভিক্ষা করে খাওয়াও অনেক সম্মানের।’
শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় বছরে শ্রমিক ইউনিয়নের কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে। পূর্ববর্তী নেতাদের এসব অর্থের পুঙ্খানুপুঙ্খ হিসাব না দেওয়া পর্যন্ত তাঁদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে শুধু পেশাদার চালকদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সাবেক শেরপুর পৌর মেয়র জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিএনপি নেতা আসীফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ প্রমূখ।
অনুষ্ঠান শেষে মৃত শ্রমিকদের পরিবারের সদস্য ও কন্যাদানের জন্য নির্বাচিত ব্যক্তিদের হাতে কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।