মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ১৩:৬
• পঠিত: 7 বার

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র করেছেন।
তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্য পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো কিছুই বাদ রাখেননি।
রিজভী আরও বলেন, মুক্তিযোদ্ধা পরিবার হওয়ার কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। শেখ হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম মেনে নিতে পারেননি।
তিনি বলেন, জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছেন। মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না।






