ধর্ষণ ও যৌন অপরাধের মামলায় আইপিএল ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেপ্তার

নর্থ এক্সপ্রেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ১৬:৭
• পঠিত: 4 বার

ধর্ষণ ও অন্যান্য যৌন অপরাধের অভিযোগসংক্রান্ত একটি মামলায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন তাকে কলকাতা হাইকোর্টে হাজির করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে গত ৩০ জুন অভিষেক পোড়েলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাটি করা হয়। ১৪ জুলাই মামলার প্রাথমিক শুনানিতে আদালতকে মামলাকারীর আইনজীবী জানান, অভিযুক্তদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস জব্দে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের আরও পদক্ষেপ প্রয়োজন। এসব ডিভাইসে মামলাকারীর অশ্লীল ছবি রয়েছে বলে অভিযোগ করা হয়। তার মর্যাদা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এসব ডিভাইস জব্দ করা জরুরি বলেও আদালতকে জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে মামলার ৬ ও ৭ নম্বর প্রতিপক্ষকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করার নির্দেশ দেন আদালত। এসব ডিভাইসে থাকা আপত্তিকর তথ্য যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও আদালত গুরুত্ব দেন।
১১ আগস্টের শুনানিতে আদালত জানায়, মোগরা থানার ভারপ্রাপ্ত পরিদর্শকের কাছ থেকে একটি চিঠি পেয়েছে। ওই চিঠিতে জানানো হয়, মামলার ৬ নম্বর প্রতিপক্ষকে ১১ আগস্ট রাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ দিতে মামলার শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়।
তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।






