বগুড়ায় এক নারীকে ধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, ৩৪ বছর বয়সী ওই নারীর স্বামী প্রায় চার বছর ধরে প্রবাসে থাকেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়।
মামলার এজাহার ও র্যাবের তথ্য অনুযায়ী, পরিচয়ের একপর্যায়ে মাসুদ ওই নারীর মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে নেন। ফোন ফেরত দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নেন। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ তাকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ধারণ করা ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব কর্মকর্তা হান্নান হাওলাদার বলেন, মামলা হওয়ার পর থেকে মাসুদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে শিবগঞ্জের আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।