
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬ - ১৯:৩৩
• পঠিত: ১০ বার

বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় আমেনা খাতুন (৯) নামে এক শিশুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোসাইন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আটক হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আমেনা নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের আব্দুর রশিদের ছেলে হোসাইন ধারালো দা নিয়ে হঠাৎ তার ওপর হামলা চালান। তিনি শিশুটিকে এলোপাতাড়ি কোপালে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা হোসাইনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে অভিযুক্ত হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
