বৃহস্পতিবারই আসতে পারে রাষ্ট্রপতি প্রার্থীর ঘোষণা, আলোচনার শীর্ষে মির্জা ফখরুল

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ১১:৫৩
• পঠিত: 6 বার

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুলকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বেশি। গত কয়েক সপ্তাহ ধরে দলীয় বৈঠক, নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনা ও রাজনৈতিক তৎপরতায় মির্জা ফখরুলের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, ১৩ আগস্টের পর রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত স্পষ্ট হতে পারে। দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর দেওয়া হয়েছে। তিনি বলেন, দলের তিনজনের নাম আলোচনায় থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই তুলনামূলকভাবে বেশি আলোচিত হচ্ছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অবশ্য জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। তার ভাষ্য, প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের মধ্যে আরও আলোচনা হতে পারে।
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্যের তালিকা প্রকাশ করেছে।
সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর থেকে এ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে আসছে। সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের বিধান থাকায় ভোট কার পক্ষে পড়েছে, সেটিও গোপন থাকে না।
এ ছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ সংসদ সদস্যদের জন্য অত্যন্ত সীমিত। ফলে বিএনপি যাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
সূত্র: এশিয়া পোস্ট






