
নর্থ এক্সপ্রেস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ১১:১২
• পঠিত: ৬ বার

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), রাসায়নিক পণ্য ও বিস্ফোরক পদার্থবাহী ৫০টি জাহাজে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। এসব হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ওয়াশিংটন। পাশাপাশি রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে অবগত কয়েকজনের বরাত দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যের বাইরে সাইবার অভিযান চালিয়ে সংঘাতের পরিধি বাড়ানো হচ্ছে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। এ কারণে জাহাজগুলোতে হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলার শিকার কয়েকটি জাহাজকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এমনকি কোনো কোনো জাহাজে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হলেও হামলাগুলোর পেছনে রাশিয়ারও ভূমিকা থাকতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব সাইবার হামলায় ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়—এমন কোনো প্রমাণ এখনো পায়নি যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলার শিকার অন্তত চারটি জাহাজ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছালে সেগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ দল মোতায়েন করে মার্কিন কোস্ট গার্ড।
জাহাজগুলো মার্কিন বন্দরে পৌঁছানোর আগেই সম্ভাব্য সাইবার হুমকি মোকাবিলা ও ঝুঁকি কমাতে এসব দল কাজ করে। এ ছাড়া হামলার শিকার আরও কয়েকটি জাহাজ ইউরোপ ও এশিয়ার কাছাকাছি সমুদ্রসীমায় চলাচল করছিল।
ঘটনাটি আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে জ্বালানি ও গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজগুলো সাইবার হামলার লক্ষ্যবস্তু হওয়ায় বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল





