
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ১১:৮
• পঠিত: ৮ বার

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। একই সঙ্গে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর কোনাবাড়ী এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ খবরের পর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
শ্রমিকদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। তবে মৃত্যুর এ খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
পরিস্থিতির কারণে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্র: কালবেলা





