শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে মানববন্ধন

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬ - ১৬:২০
• পঠিত: 8 বার

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের অব্যবস্থাপনা, সড়কে পানি গড়িয়ে পড়া ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কারখানার মূল ফটকের সামনে সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বিভিন্ন দাবি ও প্রতিবাদসংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘জনভোগান্তি বন্ধ করো, রাস্তায় অবৈধ পার্কিং দূর করো’, ‘রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায় কেন? প্রশাসন জবাব চাই!’ এবং ‘জনসাধারণের যাতায়াত সহজ করো, সড়কের ওপর যানজট নিরসন করো’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন।
বক্তারা অভিযোগ করে বলেন, কারখানার কাঁচামাল ও পণ্য পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনগুলো নিয়মিত প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি কারখানা থেকে সড়কের ওপর পানি গড়িয়ে পড়ায় পরিবেশও নষ্ট হচ্ছে।
তাদের অভিযোগ, যানজটের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও নিয়মিত যানজটে আটকা পড়ছে।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী আগামী সাত দিনের মধ্যে এসব অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে কোয়ালিটি ফিড লিমিটেড, বগুড়ার দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ওমর ফারুক বলেন, ‘আমাদের নিজস্ব ৩০টি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন পার্কিং স্পেস নির্মাণের কাজ চলছে। এটি শেষ হতে আরও প্রায় দুই মাস সময় লাগবে। ভুট্টা সংগ্রহের মৌসুমে গাড়ির চাপ সাময়িকভাবে বেড়েছে। তবে পরবর্তীতে যাতে রাস্তায় কোনো যানজট না হয়, সে বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’






