শিক্ষার মানোন্নয়নে দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬ - ১৯:৩৭
• পঠিত: 6 বার

বগুড়ার মোকামতলার উপজেলার দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মাহবুব আলম মানিক বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু বিদ্যালয়ের শিক্ষকদের একার দায়িত্ব নয়; এর সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তান নিয়মিত পড়াশোনা করছে কি না, বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং তার পড়াশোনার অগ্রগতি কেমন—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। আমরা বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে চাই। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের ভুলগুলো চিহ্নিত করে নতুনভাবে প্রস্তুতি নিতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা তাদের পাশে থাকবেন। প্রত্যেক শিক্ষার্থীকে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিয়মিত পড়াশোনা করতে হবে।”
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বেলাল হোসেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোস্তাকিম, বেলায়েত হোসেন, আব্দুর রহমান, শাখাওয়াত হোসেন ও শিমুল। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শফিকুল, রুবেল, শাহসুলতান মন্ডল প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি নিয়মিত নজরদারি এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও আগামী দিনের ফলাফল আরও ভালো করার জন্য বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।






