নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশন কার্যক্রম প্রচারনায় জেলা ক্রীড়া অফিসার আকরাম

গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬ - ১৯:৪১
• পঠিত: 25 বার

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর রেজিস্ট্রেশন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুপচাঁচিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়েছে ।সোমবার (২৪ আগস্ট) বগুড়া জেলার ক্রীড়া অফিসার আকরাম হোসাইন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে প্রচার-প্রচারণা জোরদার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন কার্যক্রম সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রচার-প্রচারণা বৃদ্ধি, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
ক্রীড়া অফিসার আকরাম হোসাইন বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম লক্ষ্য। এ কার্যক্রমে উপজেলার অধিকসংখ্যক শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোস্তম, জুলাই যোদ্ধা আহ্বায়ক কাজী ইলিয়াস কল্লোল,উপজেলা ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আরিফ মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ প্রমুখ। প্রত্যেক ইউনিয়নে ১৭৬ জন খেলোয়াড় নিয়ে ১০ টি ইভেন্টে দল গঠন হবে। ইভেন্টগুলি হলো- ফুটবল, ক্রিকেট,কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন,দাবা, মার্শাল আর্ট(কারাতে,উশ্ত,তাইকোয়ানডো,জুডো), সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। একজন সর্বোচ্চ ২ টি খেলায় অংশ নিতে পারবে।






