হোম/সংবাদ

নবম পে-স্কেলের দ্রুত গেজেট ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ৯:৩২

• পঠিত: 8 বার

নবম পে-স্কেলের দ্রুত গেজেট ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি


বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর শুভেচ্ছা স্মারকলিপি দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’।

সংগঠনটির সদ্য গঠিত ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে প্রধানমন্ত্রীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক দুর্দশার বিষয়টি তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর ইতোমধ্যে দীর্ঘ সময় পার হয়েছে। এ সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা সে তুলনায় বাড়েনি। ফলে প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবীর পরিবারে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ অবস্থায় কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ এবং তা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এর আগে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’র ‘কাউন্সিল-২০২৬’ অধিবেশনে বাংলাদেশ রেলওয়ের আবদুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের আশিকুল ইসলামকে মহাসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির ঘোষণা দেন।