বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জ হাটের বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ৫নভেম্বর বৃহস্পতিবার সরেজমিনে হাট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ইজারা প্রদান না করে খাস ক্যালেকশন করা, টোল আদায়ের রশিদে টাকার পরিমাণ না লেখা, বিক্রেতার নিকট থেকে টোল আদায়ের বিধান না থাকলেও ক্রেতা-বিক্রেতা উভয়ের নিকট থেকেই অতিরিক্ত টাকা আদায়, গাভীর গর্ভ পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়, হাটে টোল আদায়ের মূল্য তালিকা না টাঙ্গানো সহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত করেন। এসব বিষয়ে দুপচাঁচিয়া পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি ক্রেতা-বিক্রেতাদের সুবিদ্বার্থে টোল আদায়ের মূল্যে জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনা সৃষ্টি ব্যবস্থা গ্রহনের কাথাও জানান।
দুপচাঁচিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান বলেন, নিয়ম অনুযায়ী হাট ইজারার বিজ্ঞপ্তি প্রদান করা হলেও দরপত্রে কেউ অংশ গ্রহণ না করায় বাধ্য হয়েই খাস ক্যালেকশন করা হচ্ছে। বিগত বছরগুলোতে ইজারার মাধ্যমে যে রাজস্ব আদায় হতো খাস ক্যালেকশনের মাধ্যমে তার চেয়েও বেশি রাজস্ব আদায় হচ্ছে। আগামীতে যেভাবেই হোক ইজারার মাধ্যমে সর্বোচ্চ মূল্যে হাটটি ইজারা প্রদানের সর্বোচ্চ চেষ্টা গ্রহণ করবো। অন্যান্য অনিয়মের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।