
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬ - ১২:১
• পঠিত: ৮ বার

বগুড়ার শাজাহানপুরে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত টুলু মিয়া ওই গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তাঁদের দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। টুলু মিয়া বাড়িতে একাই বসবাস করতেন। তবে গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘরের ভেতরে টুলু মিয়ার গলাকাটা মরদেহ দেখতে পান তাঁর মেয়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহতের ছোট মেয়ে জুথি আক্তারের দাবি, অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন, আবার অন্য কেউ হত্যাকাণ্ডের আশঙ্কাও করছেন। ফলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





