বগুড়ার গাবতলী উপজেলায় পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া দই বিক্রি এবং স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ছাড়া জ্বালানি তেল বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ অক্টোবর) গাবতলী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গাবতলী থানারোড এলাকার নিউ মডেল দই ঘরকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রি ও বিতরণের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলার সন্ধ্যাবাড়ী এলাকার খাদিজা ফিলিং স্টেশনকে স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ গ্রহণ না করে জ্বালানি তেল বিক্রি ও বিতরণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাবতলীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পণ্যের মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপসংক্রান্ত আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।