রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ও নিবিড় পর্যবেক্ষণে রংপুর বিভাগের আট জেলায় এ বছরের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার এক তথ্য বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে উদযাপনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রেঞ্জ ডিআইজি।
পূজা চলাকালে রংপুর রেঞ্জের অধীনস্থ আটটি জেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে কঠোর ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশি টহলের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার ও সার্বক্ষণিক নজরদারির ফলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছেন।
দিনরাত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ডিআইজি। একইসঙ্গে রংপুর বিভাগের সর্বস্তরের জনগণের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ আশা প্রকাশ করে বলেন, "আমাদের এই পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতার ইতিবাচক ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।"