কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে খলিলুর রহমান নামে এক দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। জালিয়াতির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবির পাশাপাশি হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তারা।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এলাকাবাসী মাহফুজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, মাহাবুল হকসহ অনেকে।
মানববন্ধনে ভুক্তভোগী মোসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, তাঁর বাবার মালিকানাধীন জমি ভুয়া দলিল তৈরির মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেন দলিল লেখক খলিলুর রহমান।
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তিনি জমিটি উদ্ধার করতে সক্ষম হন। তবে বর্তমানে খলিলুর রহমান ও তাঁর লোকজন মোসলেম উদ্দিনের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করছেন বলে দাবি করা হয়। এ পরিস্থিতিতে হয়রানি বন্ধে তিনি স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া অন্য বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত খলিলুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের জমি নিয়ে নানা ধরনের জালিয়াতি করে আসছেন। এ ছাড়া জমি জালিয়াতির প্রতিবাদ করায় সাধারণ মানুষকে উল্টো বিভিন্নভাবে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলেও দাবি করেন তারা।
সমাবেশ থেকে জমি জালিয়াতির অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ মানুষের ওপর পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান অংশগ্রহণকারীরা।