যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে বগুড়ার শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ভাসুবিহার নরপতি রাজার ধাপ মাঠে ভাসুবিহার বন্ধন যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় গরিবপুর একাদশ ও ডিএস ফুটবল ক্লাব শ্যামপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৭ নং বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আবু তাহের, ফজলু,আব্দুল মান্নান দুলু, বিহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোস্তম আলী, যুবদল নেতা আবু শাহিন,খোরশেদ আলম কাজল, আলিয়ারহাট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, বন্ধন যুব সংঘের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ভাসুবিহার বন্ধন যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।