বগুড়ার গাবতলীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় চাকু, একটি বার্মিজ চাপাতি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) ভোরে গাবতলী উপজেলার রানীরপাড়া এলাকায় তিনমাথা মোড় থেকে গোলাবাড়ী বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলার গোলাবাড়ী রানীরপাড়া এলাকার মো. তপনের ছেলে মো. মধু (১৯) ও একই এলাকার মো. আব্দুল বাসেতের ছেলে মো. মিনারুল (২০)।
এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় মধু ও মিনারুলকে আটক করে পালানোর কারণ জানতে চাওয়া হয়। তখন তাঁদের কাছে দেশীয় অস্ত্র থাকার কথা জানা যায়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি দেশীয় চাকু, একটি বার্মিজ চাপাতি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে জব্দ করা আলামতসহ গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১২ নিয়মিতভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছে।