বগুড়ায় দ্রুত বিচার আইনের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। বুধবার (১৪ অক্টোবর) রাতে ও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার মালগ্রাম চাপড়পাড়া এলাকার মুনীর (৪০), রুস্তম (৬৮), মো. মুরাদ (৪৬) ও মো. বাবু (৫৫)। মুনীর, রুস্তম ও মুরাদের বাবার নাম মৃত মফিজ উদ্দিন মহুরী। অপর আসামি বাবুর বাবার নাম শুক্কুর আলী।
এসআরবি-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল অভিযান শুরু করে। বুধবার রাত ১০টা ২৫ মিনিটে বগুড়া সদর থানার জামিলনগর এলাকা থেকে মুনীরকে গ্রেপ্তার করা হয়।
একই রাতে ১১টা ১০ মিনিটে মালগ্রাম চাপড়পাড়া এলাকা থেকে রুস্তমকে এবং রাত ১১টা ৫০ মিনিটে ফুলতলা ফ্লাইওভারের নিচ থেকে মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিটে মালগ্রাম চাপড়পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. বাবুকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, জিআর মামলা নম্বর ৩১০/২০০৪ (সদর) এবং প্রসেস নম্বর ২৩২/২৬-এর দ্রুত বিচার আইনের ৪(১) ধারার মামলায় আদালত তাঁদের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেপ্তার চার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে এসআরবি-১২।
এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।