সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাদক,ইভটিজিং,বাল্যবিয়ে,সাইবার অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মতবিনিময় সভা ও সতর্কবার্তা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন,মাদক,ইভটিজিং, বাল্যবিয়ে ও সাইবার অপরাধ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।এ সব অপরাধ প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন,পরিবার,সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। মাদক,ইভটিজিং,বাল্যবিয়ে ও সাইবার অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
ওসি আরও বলেন,অসামাজিক কর্মকাণ্ডের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি কে.এম আহসান হাবীব এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্রী ভবেশ চন্দ্র তালুকদার মাদক, বাল্যবিয়ে ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সহযোগীতা,নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ জোরদার করার পাশাপাশি সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও সহযোগীতার আশ্বাস দেন।
সচেতনতামুলক কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।