বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিএসটিআইয়ের মানসনদ ছাড়া খাদ্য উৎপাদন ও বিপণনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার দামাই এলাকায় ‘নিউ ভাই-বোন বেকারি’ ও ‘মোল্লা বেকারি’তে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন কাহালু, বগুড়ার সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে কারখানা দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পাখির বিষ্ঠাযুক্ত টেবিলে বেকারি পণ্য প্রস্তুত, প্রস্তুতকৃত খাদ্য মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, বিএসটিআইয়ের মানসনদ ছাড়া খাদ্য উৎপাদন ও বিপণন, পত্রিকার কালিযুক্ত কাগজ ব্যবহার করে কেক তৈরি, পোড়া তেল ব্যবহার এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়গুলো দেখতে পাওয়া যায়।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ‘মোল্লা বেকারি’কে ৫ হাজার টাকা এবং ‘নিউ ভাই-বোন বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠান দুটির মালিকের কাছে এসব অনিয়মের বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল মুমিন, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
অভিযানের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে কাহালু থানা পুলিশের একটি দল।
অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির মালিককে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।