বগুড়ার গাবতলী উপজেলার মগার মোড় ও তেঁতুলগাছি এলাকায় দুটি দই কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে লেবেল ব্যবহার, নিজ প্রতিষ্ঠানের নামের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের নামে মোড়ক ব্যবহার এবং ঘোষণা না দিয়ে গুঁড়া দুধ ব্যবহারের অপরাধে দুই ভাই দই ঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ট্রেড লাইসেন্স ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন ছাড়া দই উৎপাদনের অপরাধে লতিফ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে আইন ও বিধি অনুযায়ী কারখানা দুটির উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মেনে চলার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা।
অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি চৌকস দল।